বেনাপোলে ১০টি হাতবোমাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে আজ শনিবার সন্ধ্যায় ১০টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটকরা হলেন- জাহিদ হোসেন (২১), আলা হোসেন (২৬), সজীব মোড়ল (২৩) এবং আজগর আলী (৫০)।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বারোপোতা গ্রামের একটি বাঁশ বাগানে তারা বোমা তৈরি করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।