বেনাপোলে ৭ লাখ টাকার মালামাল ফেলে পালাল ‘লাগেজ পার্টি’

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

ভারত থেকে অবৈধভাবে দেশে আসা বিপুল পরিমাণ শাড়ি, চকোলেট, প্রসাধনী সামগ্রী ও অন্যান্য পোশাক আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্মকর্তারা জানান, 'লাগেজ পার্টি'র সদস্যরা নিজেদের সঙ্গে করে এসব পণ্য এনেছিল। ইমিগ্রেশন এলাকায় তারা এগুলো ফেলে দেয়। জব্দ করা পণ্যের দাম আনুমানিক সাত লাখ টাকা।

তবে লাগেজ পার্টির কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৈধভাবে বিদেশে ভ্রমণে গিয়ে ফিরে আসার সময় শুল্ক ফাঁকি দিয়ে যারা বিভিন্ন পণ্য আনার কাজ করে তারা 'লাগেজ পার্টি' হিসেবে পরিচিত। দেশের বাজারে দাম বেশি বা সহজলভ্য নয় এমন পণ্য এনে তারা সাধারণত চড়া দামে বিক্রি করে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্মকমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, বিপুল পরিমাণ ভারতীয় পোশাক নিয়ে লাগেজ পার্টির সদস্যদের দেশে ঢোকার চেষ্টার গোপন খবর ছিল। এর পরিপ্রেক্ষিতে কাস্টমসের একটি দল ইমিগ্রেশনের পেছনে অভিযান চালিয়ে চালানটি জব্দ করে।

তিনি আরও জানান, কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে লাগেজ পার্টির সদস্যরা আগেই পালিয়ে যায়। জব্দ করা মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।