বেনাপোল বন্দরে বোমা হামলা: ৩৬ জনের বিরুদ্ধে ৩ মামলা
বেনাপোল বন্দরে বোমা হামলার ঘটনায় ৩টি মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানায় হওয়া মামলাগুলোয় ৩৬ জনকে আসামি করা হয়েছে।
হ্যান্ডলিং শ্রমিকদের কাজ দখলে নিতে দুর্বৃত্তরা গতকাল বেনাপোলের শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পথচারী, পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত হন। বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি কার্যক্রম।
এর পরই গতকাল রাতে বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বোমা, পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। আটক করা হয় ৮ জনকে।
পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাসে বন্দরের শ্রমিকরা আজ সকালে কাজে যোগদান করেছেন। বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৩৮ ট্রাক পণ্য আমদানি ও ৮৯ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে বেনাপোল বন্দরের শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে বন্দরের সামনে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বেনাপোল বন্দরের উপ পরিচালক আ. জলিল জানান, বন্দরে আড়াই হাজার শ্রমিক কাজ করছেন। বন্দরকে অশান্ত করতে রাশেদ বাহিনী বোমা হামলা চালিয়ে বন্দরের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, কাউন্সিলর রাশেদকে প্রধান আসামি করে ৩৬ জনের নামে ৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাশেদের ব্যক্তিগত গাড়ি থেকে ৪টি বোমা, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
