বেনাপোল-যশোর সড়কে ট্রাকে ডাকাতিকালে আটক ৩
বেনাপোল-যশোর সড়কের নাভারন পুরাতন বাজার এলাকায় আমদানি করা মাছের ট্রাকে ডাকাতির সময় ৩ জনকে আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে নাভারন পুরাতন বাজার বরফ কালের সামনে এ ঘটনা ঘটে।
নাভারন হাইওয়ে থানার ইনচার্জ একেএম আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে ঢাকাগামী মাছ-ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-১৫-৯০০৫) নাভারন পুরাতন বাজারে পৌঁছালে ২টি মোটরসাইকেলে ৬ যুবক ট্রাকের গতিরোধ করে। ডাকাতির সময় নাভারন হাইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌঁছলে এক মোটরসাইকেলসহ ৩ তরুণকে আটক করা হয়।'
তিনি জানান, আটককৃতরা হলেন: শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুলের ছেলে মাসুদ রানা (২০), মন্টু রহমানের ছেলে জনি হোসেন (২২) ও বুরুজবাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদী হাসান (১৮)।
ডাকাতির ঘটনায় ওই ট্রাকের হেলপার সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাজার গ্রামের খলিলুর রহমান বাবুর ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। আটককৃতদের রাতেই ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।