বেনাপোল সীমান্তে ১২ সোনার বারসহ গ্রেপ্তার ২
বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১২টি সোনার বারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার বিকেলে পুটখালি গ্রামের মসজিদ বাড়ি এলাকা থেকে মো. লিটন মিয়া (২৮) ও মো. শাহজাহান মন্ডল (৩২) নামের ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, পাচারকারীরা ভারতে পাচারের জন্য সোনার বার নিয়ে সীমান্তে যাচ্ছে জানতে পেরে বিকেলে মসজিদ বাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় লিটন মিয়া ও শাহজাহান মন্ডলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের মূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা।
কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী আরও জানান, আটকরা বিজিবির কাছে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছেন। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো।
তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।