ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: নিউ মার্কেটের ২ দোকান কর্মচারী গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন নিউ মার্কেটের ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারী মো. কাওসার (৩০) ও মো. বাবু হোসেন (৩০)।

আজ মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপপুলিশ কমিশনার ফারুক হোসেন।

গ্রেপ্তারকৃত কাওসারের বাড়ি ঢাকার নবাবগঞ্জ জেলার বান্দুরায়। বাবুর বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা থানার চরমারগাওয়ে।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল বিকেলে ওয়েলকাম ফাস্টফুডের বাপ্পি এবং ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর সাথে ইফতারের টেবিলপাতা নিয়ে ঘটনার সূত্রপাত হয় বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়।  

পরদিন ১৯ এপ্রিল সকাল থেকে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিনভর সংঘর্ষ হয়।

সংঘর্ষে মারা যান ডেলিভারিম্যান নাহিদ মিয়া (১৮) এবং দোকান কর্মচারী মোরসালিন (২৭)।