ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, চেয়ারম্যান প্রার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার দিনগত রাত ১০টার দিকে চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩৫) ওয়াজ মাহফিল শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে উপজেলার নাটঘর গ্রামে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। 
 
এ সময় মোটরসাইকেল চালক একই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৩) ঘটনাস্থলে নিহত হন। 

চেয়ারম্যান প্রার্থী এরশাদ নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। 

এ বিষয়ে নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম দ্য ডেইলি স্টারকে জানান, ওই ইউনিয়নের কুড়িঘর বাজারে আয়োজিত ওয়াজ মাহফিল থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুঁড়লে চালকের আসনে থাকা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্বৃত্তরা এসময় পেছনে বসা এরশাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ এরশাদকে উদ্ধার করে রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা এরশাদকে ঢাকায় পাঠান। 

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী হায়দার আল রাজি ওসমানী দ্য ডেইলি স্টারকে জানান, আহত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তিনি ডান কাঁধে, ঘাড়ের ওপরে এবং বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্রোপচারের মাধ্যমে এই গুলি অপসারণ করতে হবে বলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে নবীনগর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।'