ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থক দুই গ্রুপের মধ্যে দুই দফা মারামারির ঘটনায় চার জন আহত হয়েছেন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের নওয়াব মিয়া (৬০), একই গ্রামের সেলিম মিয়া (৪৫), সৈয়দাবুর রহমান (৩৫) ও জাকির মিয়া (৩২)। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নওয়াব মিয়ার স্বজনরা জানান, কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল জয়ী হয়। খেলা শেষে আলাকপুর গ্রামের ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়রা নিভৃত করেন। পরে জীবনসহ আরও চার-পাঁচ যুবক স্থানীয় দামচাইল বাজারে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে একা পেয়ে মারধর করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, আহত নওয়াব মিয়ার ছেলে আরমানের নেতৃত্বে আরও কয়েক যুবক মিলে আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার চাচাতো ভাই সেলিমসহ তাদের বাড়ির তিন জনকে বাজারে পেয়ে পিটুনি দেয়। তাদেরকেও উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ বলেন, ‘নওয়াব মিয়া মাথায় আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দামচাইল বাজারে পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষের আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।