ব্রাহ্মণবাড়িয়া: আ. লীগের সা. সম্পাদকের বাড়িতে আগুনের মামলার আসামি প্রচার সম্পাদক 

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে আগুনের ঘটনায় জেলা কমিটির প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন আল মামুন সরকার।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইতোমধ্যে তারা মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছেন।
মামলার এজাহারে অগ্নিকাণ্ডের জন্য জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামকে দায়ী করা হয়েছে।
তবে সৈয়দ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনার আড়ালে প্রকৃত অর্থে কারা জড়িত তা খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।'
এদিকে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শোক দিবস পালনের প্রস্তুতি সভায় আল মামুন সরকারের বাড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জানানো হয়, পুলিশের তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কারেরও সিদ্ধান্ত নেবে জেলা আওয়ামী লীগ। 
ভার্চুয়ালি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সভার বিষয়টি নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আল মামুন সরকার জানান, কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ওই সভায় সভাপতিত্ব করেন। এসময় তিনি নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
গত ৩১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় অবস্থিত আল মামুন সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির আসবাবসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। বাড়িতে কেউ না থাকায় হাতহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা একই বাড়িতে দুই দফা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।