পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ

বড় বোনের বিরুদ্ধে ছোট বোনকে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় বোনের হাতে ছোট বোন খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকালে উপজেলার পাড়েরহাট বন্দরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম শামীম আহমেদ দ্য ডেইলি স্টারকে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্যে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মিনু এবং তার তিন সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত মাকনু আক্তার (৪০) প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তিনি ঢাকায় বসবাস করতেন।

নিহতের স্বামী কলেজ শিক্ষক কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, তার শ্বশুর মৃত আব্দুর রব তালুকদারের সম্পত্তি নিয়ে তার স্ত্রী মাকনু এবং স্ত্রীর বড় বোন কামরুন্নাহার মিনু'র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের পাড়েরহাট বাবার বাড়িতে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তাই স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার পাড়েরহাটে শ্বশুর বাড়িতে আসেন কামাল।

কামাল হোসেন অভিযোগ করেন, 'তবে, মিনু সালিশ বৈঠকে রাজি না হওয়ায়, স্ত্রীকে নিয়ে আজ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বড় বোন মিনু ও মাকনুর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মিনু এবং তার দুই মেয়ে সুমনা ও মোহনা এবং ছেলে সিয়াম মিলে মাকনুকে বেধড়ক পেটাতে শুরু করে। এতে মাকনু অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাকনুকে মৃত ঘোষণা করেন।'