ভাঙ্গায় কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ছোট হামিরদী গ্রামে একটি খেজুর গাছে আরিফ শেখের (৩৪) মরদেহটি ঝুলছিল।

আরিফ ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের শেখ আবু তালেবের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।

মৃত আরিফ শেখের চাচা আজিজুল শেখ জানান, আরিফ বেশ কিছুদিন ধরে নগরকান্দা উপজেলার কান্দি গ্রামে তার শ্বশুরের বাড়িতে ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার বিকেলে তিনি শ্বশুর বাড়ির পাশে হামিরদী ইউনিয়নের মুনসারাবাদ বাজারে ওষুধ কিনতে যান। এরপর আর আর বাড়ি ফিরেননি। আজ সকালে এলাকাবাসী মাঠের মধ্যে খেজুর গাছে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। ময়না তদন্তের জন্য মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।