ভাটারা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রাজধানীর ভাটারা থেকে বস্তার ভেতর হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার মরদেহটি উদ্ধার করা হয় বলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান।
পুলিশ জানিয়েছে, নারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
তবে, আজ বিকেলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারীর নাম শিপন আখতার। তার বাড়ি বগুড়ায়।
ওসি দ্য ডেইলি স্টারকে বলেন, বস্তাটি ঢালিবাড়ি এলাকার একটি কাঁচাবাজারের কাছে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বস্তাটি উদ্ধার করে এবং নারীর মরদেহ দেখতে পায়। মরদেহ ইতোমধ্যে পচতে শুরু করেছে।
পুলিশের ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।