ভারতের ভূপালে জেএমবি সন্দেহে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল থেকে নিষিদ্ধ ঘোষিত জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফজহার আলী ওরফে মেহমুদ (৩২), মোহাম্মদ উকিল ওরফে আহমেদ (২৪), জহুরুদ্দিন ওরফে জোহর আলী (২৮), শহীদ পাঠান (২৪) ও ফজহার জয়নুল আবেদীন ওরফে আকরাম আল হাসান।

আজ রোববার এক বিবৃতিতে ভূপালের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ভূপালে তাদের সন্দেহজনক আচরণ সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই ৪ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে আজ রোববার ভোরের মধ্যে করন্দ ও আইশবাগ এলাকার দুটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মধ্যপ্রদেশ পুলিশের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ৪ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। সন্ত্রাসী ও অন্যান্য দেশবিরোধী কর্মকাণ্ড চালানোর লক্ষ্যে তারা জেএমবির স্লিপার সেল গঠনের চেষ্টা করছিলেন ।

ভূপালের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সাংবাদিকদের জানান, ওই ৪ জনের কাছ থেকে জিহাদি বই ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

ভারত সরকার ২০১৮ সালে বিহারের বোধগয়াতে বিস্ফোরণের পর ২০১৯ সালে জেএমবিকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে।