ভারতের সীমানায় গরুসহ বাংলাদেশি যুবক আটক, থানায় হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নওগাঁয় ভারতের অভ্যন্তরে গরুসহ এক বাংলাদেশিকে আটকের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নওগাঁ জেলায় বিজিবি-১৬ ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির আজ শনিবার দ্য ডেইলি স্টারকে বলেন, আটক মনিরুল ইসলাম (২৮) কে মালদা জেলার হবিপুর থানায় মামলা দায়ের শেষে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

তিনি বলেন, 'ঘটনাটি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে মনিরুল ইসলামকে ভারতের ২ কিলোমিটার ভেতরে কয়েকটি গরুসহ আটক করা হয়েছে।'

আটক মনিরুল ইসলাম নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, পোরশা উপজেলার বিজিবি-১৬ ব্যাটলিয়নের আওয়াতাধীন হাঁপানিয়া বিজিবি ক্যাম্প এলাকা সংলগ্ন শনিবার ভোর রাতে ভারতের ২ কিলোমিটার ভেতরে ভুতপাড়া গ্রাম এলাকায় তাকে আটক করা হয়।