ভারতে পাচারের সময় ১০০ ভরি সোনাসহ আটক ১

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১০০ ভরি সোনাসহ মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে সাতক্ষীরার ৩৩. বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাটা এলাকা থেকে মনিরুল ইসলামকে আটক করা হয়। তার বাড়ি ওই উপজেলার ঘরচালা গ্রামে।

সাতক্ষীরার ৩৩. বিজিবির ঝাউডাঙ্গা ক্যাম্পের নায়েক মিজানুর রহমান জানান, আমরা জানতে পেরেছিলাম সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে একজনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১০০ ভরি।

লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ আরও বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কলারোয়া থানায় মামলা দায়ের করা হবে।