ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৩৭ কিশোর-কিশোরী

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী। আজ সোমবার সন্ধ্যায় ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বিভিন্ন সময় দালালদের মাধ্যমে চাকরির প্রলোভনে ভারতে গিয়ে আটক হন এসব কিশোর-কিশোরী ও নারীরা।

দেশে ফেরত আসা ৩৭ জনের মধ্যে আছেন, ১৩ কিশোরী, ২২ কিশোর ও চার নারী। 

পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ বিষয়ে বেসরকারি সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে সাড়ে তিন বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের ব্যাঙ্গালুরু শহরে যান। পরে সেখানকার পুলিশ তাদের আটক করলে তিন বছর মেয়াদে সাজা হয়। সাজার মেয়াদ শেষে পরবর্তী সময়ে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে আজ সোমবার তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।'

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, '১৩ কিশোরী, ২২ কিশোর ও চার নারীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিও তাদের গ্রহণ করবে।' 

ওসি আরও বলেন, 'যেহেতু তারা ভারত ফেরত, তাই তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হবে।'