ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচরের ১০ কিলোমিটার দক্ষিণে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক রোহিঙ্গারা গত বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে জঙ্গলে অবস্থান নেন। জানা যায়, দালালের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকা করে চট্টগ্রামে যাওয়ার জন্য তারা জঙ্গলে অবস্থান নেন।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।'