ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে এপিবিএনএ'র সিভিল দল।

আটকরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ক্লাস্টারের আবুল কালামের ছেলে ওসমান (১৮) ৫৬ নম্বর ক্লাস্টারের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচর থানা থেকে ২-৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিক থেকে তাদের আটক করা হয়। আজ সকালে বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখিয়ে আসামিদের হাতিয়া কোর্টে সোপর্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, শনিবার রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে তিন জন পালানোর চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সিভিল টিম তাদের গ্রেপ্তার।

এর আগে, গত বুধবার নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬ রোহিঙ্গা ও ৫ দালালসহ ১১ জনকে আটক করে ভাসানচরে কর্মরত এপিবিএনের সদস্যরা।