ভাসানচর থেকে পালানো ১৪ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেনজু মিয়ার ঘাট থেকে স্থানীয়রা তাদের আটক করে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের কাছে হস্তান্তর করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন-ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের হারজিনা (২৪) মো. রফিক (২৯), সাবেকুন্নাহার (৩৭), জান্নাত উল্যাহ (২), মো. রশিদ (১৭), খায়রুল আমিন (২৪), জাহেদা বেগম (২২), সাইদুল আমিন (৩০), সামছুন নাহার (১), নুর আলম (২০), জাহিদ হোসেন (১৮), রেয়াজুল ইসলাম (২৯), সাইদুর আলম (১৪) ও নুর ইসলাম (৬০)।

চর এলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে জানান, দালাল চক্রের মাধ্যমে পুরুষ-নারী ও শিশুসহ ১৪ জন রোহিঙ্গা গত তিন দিন আগে ভাসানচর থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। পরে, দালাল চক্র তিন দিন তাদেরকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে মাছ ধরার বড় নৌকায় করে চর এলাহী ইউনিয়ন এলাকার বামনী নদীর শাখাতে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের বামনী নদীর পাড়ে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। ইউনিয়ন পরিষদ থেকে আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলার প্রক্রিয়া চলমান আছে। বৃহস্পতিবার সকালে রোহিঙ্গাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

আটক রোহিঙ্গারা জানান, দালাল ও নৌকার মাঝিরা ৬০ হাজার টাকা চুক্তিতে তাদের ভাসানচর থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার চুক্তি করে। দালালরা চরএলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেনজু মিয়ার ঘাটে বুধবার দুপুরে তাদের নামিয়ে দিয়ে চলে যায়।