ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালাতে সহায়তার অভিযোগে আটক ৯

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালাতে সহায়তার অভিযোগে নয় জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটককৃতরা হলেন-ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নম্বর ক্লাস্টারের মো. জুবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের রেদোয়ান (২০) ও মোহাম্মদ সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের আব্দুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের সৈয়দ করিম (১৮) ও সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের শফিউল্লাহ (২২), ছয় নম্বর ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের মোহম্মদ সালেহ (৪০)।

আজ বৃহস্পতিবার দুপুরে আটকদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকাল বুধবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের এলাকায় গোয়েন্দা সংস্থা এনএসআই, এপিবিএন ও ভাসানচর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।'

ওসি রফিকুল ইসলাম জানান, গত বছরের ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর ক্যাম্পে স্থানান্তর করা হয়। এরপর থেকে রোহিঙ্গা ক্যাম্পের এবং টেকনাফ ও নোয়াখালীর কিছু দালাল টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভাসানচর থেকে পালাতে সহযোগিতা করতে শুরু করে।

ভাসানচর থেকে দালালদের মাধ্যমে এ পর্যন্ত ১৯৬ জন রোহিঙ্গা পালিয়েছে উল্লেখ করে তিনি জানান, গত ১৪ আগস্ট ভাসানচর থেকে পালাতে গিয়ে নৌকাডুবে ২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়। 

বুধবার রাতেও দালাল চক্র রোহিঙ্গাদের পালাতে সহায়তার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ভাসানচরে দায়িত্বরত আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা রাতে অভিযান চালিয়ে নয় জনকে আটক করে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটকদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা হয়েছে। রোহিঙ্গা পাচার রোধে ভাসানচরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে।'