ভোলাহাটে নৈশকোচে ডাকাতি: গ্রেপ্তার আরও ৩

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফলিমারি বিল এলাকায় গত সোমবার রাতে তিনটি নৈশকোচসহ কয়েকটি যানবাহনে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘীর রেজাউল করীম (৪০), আনোয়ারুল ইসলাম ওরফে আনু (৪৫) ও শান্তিমোড় হামিদনগরের তাজেল আলী (৩৫)।

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ঘটনার পরপরই পুলিশের একাধিক দল ডাকাতদের ধরতে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সূত্রের ভিত্তিতে ওই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।'

তিনি জানান, গতকাল বুধবার রাতে জেলার কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেসময় ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র, লুট হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করে পুলিশ।

'গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঘটনার সময় লুট হওয়া ১২টি মুঠোফোন, স্বর্ণালঙ্কার ও ১৯ হাজার ৫০০ টাকার পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে,' যোগ করেন তিনি।

'গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে' উল্লেখ করে তিনি জানান, এর আগে আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট সাত জনেকে গ্রেপ্তার করা হয়েছে।