মগবাজার বিস্ফোরণের তদন্ত করবে সিটিটিসি, জিজ্ঞাসাবাদ করা হবে তিতাস কর্মীদের 

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মগবাজারের একটি ভবনে গত ২৭ জুন বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ঘটনার তদন্তে তিতাস গ্যাস কর্মীদের জিজ্ঞাসাবাদ করবেন সিটিটিসি কর্মকর্তারা।

আজ শুক্রবার সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিস্ফোরণের পর রমনা থানায় করা মামলার তদন্তের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা ওই বিল্ডিংয়ের গ্যাসের লাইন পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমরা তিতাস গ্যাস কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবো।’

সিটিটিসি কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সাত দিন পরে তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে লাইন থেকে গ্যাস বের হচ্ছে।

২৭ জুন মগবাজারের ওই তিন তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তের পর কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।