মন্দির-মণ্ডপে হামলা: আদালতের পথে রাঙ্গামাটিতে গ্রেপ্তার সেই বাবু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লায় ঘটনায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গ্রেপ্তার মঈনুদ্দিন আহমেদ বাবুকে আদালতে নেওয়া হচ্ছে। আজ রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রাতে তাকে সাজেক থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুকে কুমিল্লায় নিয়ে এসেছে পুলিশ, কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে।

মঈনুদ্দিন আহমেদ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

পূজা মণ্ডপে পবিত্র কুরআন শরিফ রাখার ঘটনায় ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র জানায়, মঈনুদ্দিন আহমেদ বাবু নানুয়া দিঘীরপাড়ে উপস্থিত জনতাকে উসকানি দেওয়া ব্যক্তিদের একজন হিসেবে চিহ্নিত করেন ইকবাল। বাবু স্থানীয় বাসিন্দাদের কাছে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব হিসেবে পরিচিত। বিক্ষুব্ধ জনতা মণ্ডপে জড়ো হলে মঈনুদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যান।

মেয়র সাক্কুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, 'আমার কোনো ব্যক্তিগত সচিব নেই। তবে বাবু প্রায়ই আমার সঙ্গে থাকে। আমি পুলিশকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনায় তার কী ভূমিকা তা খুঁজে বের করতে বলেছি। যদি সে দোষী হয়, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত।'