মন্দির-মণ্ডপে হামলা: ফেনীতে আরও ১ যুবক গ্রেপ্তার
ফেনীতে মন্দির-মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. পারভেজ প্রকাশ বাবু (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পারভেজের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামে। তার বাবার নাম আবদুর রহমান। তবে তিনি ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় বসবাস করেন। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে। পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হবে।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর ফেনীতে মন্দির, দোকানপাটে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৩ আসামি ফেনীর আদালতে জবানবন্দি দেন। সেখানে পারভেজের নাম উঠে আসে। সেই তথ্যের সত্যতা যাচাই করে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গত ১৬ অক্টোবর রাতে দুটি কালী মন্দির ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ, র্যাব ও মন্দির কমিটির পক্ষ থেকে ফেনী মডেল থানায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। ৪টি মামলার মধ্যে ২টির তদন্ত করছে সিআইডি।