মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই চেষ্টা, বরিশালে গ্রেপ্তার ১
বরিশালে মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর জেলখানা মোড় এলাকায় এ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত জনি ডোমের বাড়ি নগরীর কাউনিয়া এলাকায়।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী স্থানীয় হাওলাদার মেডিসিনের মালিক আমিনুল ইসলাম পলাশ জানান, তিনি আজ অগ্রণী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উঠিয়েছিলেন। ব্যাংক থেকে বের হওয়ার পর, তাকে পেছন থেকে কেউ ডাকে।
তিনি বলেন, 'এ সময় ব্যাংকের দিকে যেতে থাকলে আমার চোখে কেউ মরিচের গুঁড়া ছিটিয়ে আমার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আমার সঙ্গে আরও একজন থাকায় আমরা তাকে প্রতিহত করে আটক করতে সমর্থ হই। পরে আশেপাশের কয়েকজন এসে ছিনতাইকারীকে আটক করে অগ্রণী ব্যাংকের ভেতরে নিয়ে পুলিশে খবর দেয়।'
ওসি নুরুল ইসলাম জানান, খবর পেয়ে আটককৃতকে থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগী একজনের নাম উল্লেখ করে ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামে একটি ছিনতাই মামলা করেছেন।