মসজিদে লাইকি ভিডিও নির্মাণের অভিযোগে তরুণ আটক
কুমিল্লার দাউদকান্দিতে নবনির্মিত মডেল মসজিদ প্রাঙ্গণে লাইকি ভিডিও নির্মাণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইয়াছিন (২০) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ইয়াছিন নামে ওই যুবক জেলার দাউদকান্দি উপজেলায় নবনির্মিত দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের ক্যাম্পাসে লাইকি ভিডিও তৈরি করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করে। ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তার নির্মাণ করা ভিডিওগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি পুলিশের নজরে আসলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে লাইকি নির্মাতা ইয়াছিনকে জেলার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রাম থেকে আটক করে।
আটকরকৃত ইয়াছিনের (২০) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশ সুপার।