মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
ফরিদপুরের ভাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। গতকাল শুক্রবার উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘিরপাড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মাদকাসক্ত ওই ছেলের নাম শফিকুল ইসলাম মৃধা (৪১)। তার মায়ের নাম কোহিনূর বেগম (৬৭)। তিন সন্তানের মা কোহিনূর বেগম আইউব আলী মৃধার স্ত্রী।
শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা হয়েছে। আজ শনিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শফিকুলের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাকে সুপথে ফেরাতে পারেনি। গত শুক্রবার বিকেলে কোহিনূর বেগম ছেলের হাতে ইয়াবা দেখে চিৎকার করে লোক জড়ো করেন। এলাকাবাসী শফিকুলকে ধরে ফেললে কোহিনূর ভাঙ্গা থানায় খবর দেন। পুলিশ ১২টি ইয়াবা বড়িসহ তাকে আটক করে।
কোহিনূর বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদক নিচ্ছিল। অনেক চেষ্টা করেও তার নেশা ছাড়াতে পারিনি। সে শুধু সংসারই শেষ করেনি, আশপাশের অল্পবয়সী ছেলেদেরও নষ্ট করছিল। বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, কোহিনূর বেগমের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে ইয়াবা বড়িসহ থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। সে একজন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।