মানবতাবিরোধী অপরাধে সাবেক সংসদ সদস্য মোমিনের মৃত্যুদণ্ড

স্টার অনলাইন রিপোর্ট

মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। প্রসিকিউটর রাজিয়া সুলতানা চমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার জন্য গত ২২ নভেম্বর ট্রাইব্যুনাল আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। গত ৩১ অক্টোবর মোমিনের বিরুদ্ধে শুনানি শেষ হয়। ২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।

তার বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার ৩টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা ও ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন।