মানহানির মামলায় রিজভীর নামে গোপালগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

মানহানির মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল রহমান এ আদেশ দেন।

গোপালগঞ্জ জজ আদালতের সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন ২০১৯ সালের ২০ জানুয়ারি মামলাটি দায়ের করেছিলেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের ২১ নেতাকর্মীসহ গোপালগঞ্জ জজ আদালতের সরকারি কৌঁসুলি দেলোয়ার এবং তার বাবা হাসেম সরদারের নাম উল্লেখ করে রাজাকার, পাকিস্তানিদের দোসর ও যুদ্ধাপরাধী বলেন।

পত্রিকায় প্রকাশিত সংবাদ নজরে এলে ২০১৯ সালের ২০ জানুয়ারি দেলোয়ার হোসেন দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৬৯, ৪৭১, ৫০০, ৫০১ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলায় রুহুল কবির রিজভী ছাড়াও দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলামকে আসামি করা হয়।

সূত্র জানায়, আদালত মামলাটি তদন্ত ভার দিয়েছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডিতে)। তদন্ত করে সিআইডি সাইফুল আলম ও সালমা ইসলামের নাম বাদ দেয়। অন্যান্য ধারা বাদ দিয়ে কেবল মানহানি অভিযোগের (৫০০ ধারা) পক্ষে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি। ওই দিন বিচারিক আদালত রিজভী নামে সমন দিয়েছিলেন। সমনে হাজির না হওয়ায় আজ তার বিরেুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত।