মানিকগঞ্জে কনস্টেবলের স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার ৪
মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলের স্ত্রী হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ৪ দিনের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কবির হোসেন (৩০), তার স্ত্রী আঁখি মনি লিপি (২০), রিয়াজ উদ্দিন সরদার রিয়াজ (২৬) ও শাকিল হাসান(১৯)।
পুলিশ সুপার বলেন, 'পূর্ব পরিচিত হওয়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর বাসায় বেড়াতে যান ৪ জন। বাসার সবাইকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় ও জুস খাওয়ান তারা। এর পরে সবাই অচেতন হয়ে পড়লে সবাইকে বেঁধে রেখে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।
হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে জানান পুলিশ সুপার।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ আরও বলেন, 'গ্রেপ্তারকৃত কবির হোসেন ও রিয়াজ উদ্দিন সরদার রিয়াজের বাড়ি রাজবাড়ী জেলায়, শাকিল হাসানের বাড়ি বগুড়া এবং আঁখি মনি লিপির বাড়ি রংপুর জেলায়। কবির এবং লিপি স্বামী-স্ত্রী এবং অন্যরা একে অপরের আত্মীয়। এই চক্রটি অর্থ-সম্পদ লুট করার জন্য পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'সবার আগে আঁখি আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাকিদের দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তারা সবাই হত্যা এবং মালামাল লুটের কথা স্বীকার করেছে।'
মামলার তদন্ত কর্মকর্তা এস আই জামিনুর রহমান জানান, দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।