মানিকগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দেয়াল চিত্র বিকৃতির অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিঙ্গাইরে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সেতুমন্ত্রীর আঁকা দেয়াল চিত্র কালো রং দিয়ে বিকৃতির অভিযোগ একটি মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্লা মামলার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে জয়মন্টপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদী হয়ে অজ্ঞাত নামা আট জনকে আসামি করে প্রচলিত আইনে সিঙ্গাইর থানায় মামলাটি করেন।

তিনি বলেন, 'বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'

মামলা সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস এবং মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকার কহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি আঁকা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে কে বা কারা কালো রং দিয়ে ওই ছবিগুলো বিকৃত করে এবং ছবির নীচে অশালীন বাক্য লিখে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মামলার বাদী আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'যারা এসব করেছে তারা স্বাধীনতার বিরোধী শক্তি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'