মানিকগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও, ইজিবাইক ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের তেরদোনা এলাকায় ফসলি জমি থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রবিন মিয়া (২২) ওই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত ৩টার দিকে রবিন একই গ্রামের হিরণের ইজিবাইকে সবব্জি নিয়ে মানিকগঞ্জ সবজির আড়তে যাচ্ছিলেন। পথে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় রাস্তায় বাঁশ ফেলে ৮/১০ জন তাদের গতিরোধ করে।

হিরণের মাথায় আঘাত লাগলে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে ব্যবসায়ী রবিনের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়।

ইজিবাইক চালক হিরণ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্বৃত্তরা আমার ইজিবাইক, নগদ আড়াই হাজার টাকা ও রবিনের কাছে থাকা ১০/১২ হাজার টাকা লুট করেছে।'

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্বশত্রুতা নাকি অন্য কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।'