মানিকগঞ্জে শাহীন হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঞ্চল্যকর শহিদ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় এই দণ্ডাদেশ দেন মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ উৎপল ভট্টাচার্য্য। অভিযোগ প্রমাণিত না হওয়ায়, ২ আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন আলম (২৭) ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া এলাকার মৃত আহসান উদ্দিনের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাহেদ, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস এবং বিষ্ণু সুইপার। তাদের বাড়ি টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায়। খালাসপ্রাপ্ত ২ জন হলেন, টাঙ্গাইল সদর উপজেলার দাসপাড়া এলাকার মৃত ফকিরচানের চেলে রহম আলী ড্রাইভার এবং থানাপাড়া এলাকার সেলিম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার খোদাবক্স আকন্দের ছেলে শহিদ এবং আসামি শাহীন আলম যৌথভাবে প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই এনজি 'র চেয়ারম্যান ছিলেন শহিদ। কিছুদিন পরে ওই এনজিওতে ১০ লাখ টাকা অনুদান আসে। এই টাকাকে কেন্দ্র করে ২০০৬ সালের ২০ মে রাতে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেতুলিয়া এলাকার কালসাই নদীর পাশে নিয়ে প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শহিদকে শ্বাসরোধ করে হত্যার পর গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে সেখান থেকে ২ কিলোমিটার দুরে একটি সেতুর ঢালে ফেলে দেয় দণ্ডপ্রাপ্ত আসামিরা।
এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে তাদের জবানবন্দিতে নিজেদের দোষ স্বীকার করেছেন। মামলায় মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষে ১ জনের সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট অরবিন্দ পোদ্দার এবং দেওয়ান মো. মিজানুর রহমান আর প্রসিকিউশন পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি.পি অ্যাডভোকেট মথুর নাথ সরকার।
রায় প্রদানের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন আলম ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরও ২ আসামি ও খালাস পাওয়া এক ব্যক্তি পলাতক ছিলেন।