মার্ক জাকারবার্গসহ ৫ জনকে আইনি নোটিশ
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ ৫ জনকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশের ৪ নাগরিক। বাংলাদেশে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে এ ক্ষেত্রে ফেসবুকের অপব্যবহার রোধে ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অনুরোধ করা হয়েছে।
সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর এস এম মাসুম বিল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জর্জ চৌধুরী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ভিক্টর রে'র পক্ষে ইমেইলের মাধ্যমে এই আইনি নোটিশ দিয়েছেন আইনজীবী তাপস কান্তি বল।
যাদের উদ্দেশে নোটিশটি পাঠানো হয়েছে তারা হলেন- বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব; স্বরাষ্ট্র (জন নিরাপত্তা) সচিব, ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালক এবং ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
আইনি নোটিশে আর্থ-সামাজিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়সহ বিভিন্ন গোষ্ঠীর মানুষের মধ্যে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে ফেসবুকে ছড়িয়ে পরা বিভিন্ন ভুয়া ও বিকৃত খবর, বিভিন্ন কন্টেন্ট, ভুল তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য এবং এডিট করা ছবি, অডিও, ভিডিও ইত্যাদি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর হিন্দুদের মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছে ফেসবুক পোস্টে দাবি করা হয়। সেটি ছড়িয়ে পড়ায় সারা দেশের ২৭টি জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। ফেসবুক এ ধরনের ঘৃণিত পোস্ট বন্ধে বা নিয়ন্ত্রণে বিবাদীরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
এ ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তির ফলে গত ১৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশের ২৭টি জেলায় বাংলাদেশের হিন্দু জনগণের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা আইনি নোটিশে জানান। নোটিশে বলা হয়েছে, এই সময়ে ১১৭টি মন্দির ও মণ্ডপ ভাংচুর করা হয়, ৩০১টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সহিংসতায় ৯ জন নিহত হয়েছেন।