মায়ের মরদেহের পাশে পড়ে ছিল হাত-পা বাঁধা ২ সন্তান

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের একটি বাসা থেকে তানিয়া আক্তার মুক্তা (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে তার ২ শিশু সন্তানকে স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

শনিবার রাত ৮টার দিকে তার নিজ বাসা থেকে মুক্তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীর ঘাড়ে ও পীঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তার মরদেহের পাশে ৩ বছর বয়সী মেয়ে মায়মুনা ও ১০ মাস বয়সী ছেলে তানভীরকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।' তবে, বাচ্চা দুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, 'মুক্তা স্বামী মঈনুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাব টেকনিশিয়ান। তারা সবুজবাগের একটি ৪ তলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।'

সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'তার ঘাড়ে ও পীঠে কোপানো হয়েছে। দুই বাচ্চার হাত-মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।'

তিনি বলেন, 'ঘরের মধ্যে আলমারি খোলা অবস্থা ছিল। মেঝেতে একটি এয়ারকন্ডিশন (এসি)) মেশিন খোলা অবস্থায় পড়ে ছিল। দেখে মনে হচ্ছে, সেটার সার্ভিসিং করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো এসি মেরাতম করতে এসে দেখেছে একজন নারী ২ বাচ্চা নিয়ে থাকেন। এরপর তাকে হত্যা করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেতে পারে।'