মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: জ্বিনের বাদশা চক্রের ৩ আসামির যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ 'জ্বিনের বাদশা'কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রলোভন দেখিয়ে এই প্রতারণা চক্র নিজেদের 'জ্বিনের বাদশা' বলে দাবি করত।

আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার গোসাইপুর গ্রামের বেলাল হোসেন (৪০), এমদাদুল হক (৪২) ও  শ্যামপুর গ্রামের খাজা মিয়া (৪৫)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. এ কে এম মহিবুল হক দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে একই উপজেলার হাতিয়াদহ গ্রামের আসাদুল ইসলাম ও আজিজুল খালাস পেয়েছেন।

আদালত দোষীদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন। তবে আসামি খাজাকে অন্য একটি ধারায় আরও ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবৃতিতে বলা হয়, জালিয়াতি চক্রের সদস্য এই আসামিরা নিজেদের 'জ্বিনের বাদশা' পরিচয় দিয়ে ২০১৮ সালের ১২ মে মা ও মেয়েকে গোবিন্দগঞ্জ নিয়ে আসে। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের পর পালিয়ে যায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী।