মিরপুরে স্কুলছাত্রকে চাপা দিয়ে পালানো গাড়িচালক আটক
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে গাড়িচাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় পালিয়ে যাওয়া চালককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারের চালক মো. শাকিলকে আটক করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতরাত সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরে গাড়িচাপায় স্কুলছাত্র শান্ত হাসান নিহত হয়।
শান্ত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানায় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, রাত সাড়ে ৯টার দিকে পথচারীদের ধাওয়ায় গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, 'ঘটনাস্থলের কাছাকাছি ওই গাড়ির চালক একটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পথচারীরা গাড়িটিকে ধরার জন্য ধাওয়া দেন। সেসময় দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি শান্তকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।'
পরে শান্তকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর তার সহপাঠীরা ওই এলাকায় সড়কে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। আজ সকালেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে অভিযুক্ত গাড়িচালককে আটকের কথা জানিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।