মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের পূর্ব হাজিপুরের লাঙ্গলবন্দ এলাকার মো. আসলাম (৩৮), একই এলাকার মো. সুমন (৩৪), দেউলি চৌরাপাড়া এলাকার ইসমাইল (৫০), খুলনার জামিরা বাজার এলাকার রাসেল হাসান (১৮) ও খড়ার চর এলাকার মেহেদী হাসান(১৮)।

আজ শুক্রবার বিকাল ৪টায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

ওসি জানান,  টেংগারচর ইউনিয়নের উত্তর শাহপুর এলাকায় শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় ২টি গাড়িতে অবস্থান করে ৮-১০ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক ও একটি পিকআপ থেকে ৮-১০ জন ডাকাত রাস্তার পাশে খালের পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় খালের পানিতে নেমে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং রামদা, দাসহ ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতিতে একত্রিত হয়েছিল বলে স্বীকার করেছে বলে জানান তিনি। 

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর জেলায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা হয়েছে।