মুন্সিগঞ্জে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হামলায় নিহত যুবক মো. সাজিদুল ইসলাম মীম (২২) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মো. সংগ্রাম মোল্লা (২৪) ও মো. নিঝুমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সংগ্রাম মোল্লা উপজেলার হোসেন্দী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

আজ বুধবার ভোর রাত ৪টায় আসামিদেরকে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বিকালে মুন্সিগঞ্জ গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংগ্রামের বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন আছে এবং নিঝুমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বনভোজনে যাওয়ার জন্য সংগ্রাম মোল্লার কাছ থেকে ৪০০ টাকা ধার করেন মীম। সেই ঘটনার জেরে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সংগ্রামের অনুসারীরা মীমকে মারধর করে।  গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা মীমকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মীমের।

এ ঘটনায় মীমের বাবা আব্দুস সাত্তার মিয়া গজারিয়া থানায় মামলা করেছিলেন।