মুহিব উল্লাহ হত্যা মামলায় আরও ৩ আসামি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আরও ৩ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

তারা হলেন— উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জাকির আহমদের ছেলে আব্দুস সালাম (৩২), মৃত মকবুল আহমদের ছেলে জিয়াউর রহমান (৩০) ও রজক আলীর ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৫)।

কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে ৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

গত রোববার গ্রেপ্তার আসামি মো. সেলিম উল্লাহ (৩৩) ও শওকত উল্লাহর (২৩) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন একই আদালত।