মুহিব উল্লাহ হত্যা মামলা: আরও ২ রোহিঙ্গা গ্রেপ্তার
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-জিয়াউর রহমান (৩১) ও আবদুস সালাম (২৯)।
নাইমুল হক বলেন, 'মুহিব উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে, তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সনজুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার দুই রোহিঙ্গা যুবককে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
এ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে সেলিম উল্লাহকে (২৭) গ্রেপ্তার করা হয়েছিল।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালংয়ের পূর্ব এফডিএমএন ক্যাম্প-১ এ নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হন মুহিব উল্লাহ।
গুরুতর আহত অবস্থায় মুহিব উল্লাহকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মুহিব উল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।