মেঘদলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা প্রত্যাহার

স্টার অনলাইন রিপোর্ট

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জনপ্রিয় ব্যান্ড 'মেঘদলের' সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের মাত্র পাঁচ দিন পর সেটা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান।

গত ২৮ অক্টোবর দায়ের করা মামলার আবেদনে আইনজীবী ইমরুল হাসান জানান, তিনি ইউটিউবে মেঘদলের পারফরম্যান্স দেখার পর সেটিকে তার কাছে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' বলে মনে হওয়ায় অভিযোগ করেছেন।

এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ২ নভেম্বর, মঙ্গলবার তিনি মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। 

ব্যান্ড দলটি গত ২২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত 'সহিংসতার বিরুদ্ধে কনসার্ট'-এ 'ওম' নামের একটি গান পরিবেশন করার পর তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়। হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ হিসাবে ওই কনসার্টটির আয়োজন করা হয়েছিল।

মামলায় আসামি করা হয় মেঘদলের শিবু কুমার শীল (গায়ক), মেজবাউর রহমান সুমন (গায়ক), রাশিদ শরীফ শোয়েব (গিটারবাদক ও গায়ক), এম জি কিবরিয়া (বেজ গিটারবাদক), আমজাদ হোসেন (ড্রামবাদক), তানভির দাউদ রনি (কিবোর্ডবাদক) এবং সৌরভ সরকারকে (বাঁশিবাদক)।

আদালত সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং আগামী ১ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পূর্ব নির্ধারিত তারিখে মামলাটি প্রত্যাহারের বিষয়ে আদেশের দিন ধার্য করেন।