মেয়র আতিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

এর আগে, মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তি আজ মঙ্গলবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯ ধারায় মামলাটি দায়ের করেন।

পরে বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এক আদেশে মামলাটি খারিজ করে দেন।

মামলার এজাহারে মেয়র আতিকুলের বিরুদ্ধে বাদীর সম্পত্তি দখল, বিভিন্ন মিডিয়ায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাদী ও তার পরিবারের সম্পর্কে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বাদীপক্ষ থেকে গত ১২ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও আসামিপক্ষ কোনো উত্তর দেয়নি।

বাদীপক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ারও আবেদন জানানো হয়।