মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টার অনলাইন রিপোর্ট

আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার আশরাফ উদ্দিন আহমেদের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না তা আগামী এক সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে। অন্য যে ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে তারা হলেন আলফাজ, হারুনুর রশীদ ও ফজলুল হক।

২০১৮ সালের ৮ অক্টোবর ও চলতি বছরের ২১ জুন আশরাফ উদ্দিন আহমেদের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গাজীপুরের মির্জাপুর ইউনিয়নে একটি জমিতে নিষেধাজ্ঞা দিয়ে শান্তিপূর্ণ দখল বজায় রাখার আদেশ জারি করেন এবং রিট আবেদনকারীদের জমি ব্যবহারের অনুমতি দেন।

কিন্তু, জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা চলতি বছরের ১৯ জুন হাইকোর্টের নির্দেশনা অমান্য করে জমি দখল করেন বলে আবেদনকারীর আইনজীবী আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান।