মোটরসাইকেল আটকানোয় ফেসবুকে লাইভ, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
মোটরসাইকেল আটকের পর ফেসবুকে লাইভ করায় সাংবাদিক পরিচয়দানকারী একজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযুক্ত ফয়সল কাদির নিজেকে দৈনিক মাতৃজগত, ফেসবুক পেজ ভিত্তিক চ্যানেল পিকে টিভিসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক-সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক সার্জেন্ট মো. নুরুল আফসার ভুঁইয়া গতকাল রাতে শাহপরান থানায় এ মামলা দায়ের করেন।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৯ জুলাই বিকালে সিলেট সদর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেট এলাকায় একটি মোটরসাইকেলে তিন জন আরোহী দেখে থামানো হয়। এসময় মোটরসাইকেলের চালক ফয়সল কাদির নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সসহ আনুষঙ্গিক কাগজপত্র না থাকায় সেটি আটক করে মামলা দায়ের করলে ফেসবুকে লাইভ শুরু করেন ফয়সল কাদির। এসময় তিনি বিষয়টিকে দায়িত্বরত সাংবাদিক হেনস্থা হিসেবে অবিহিত করে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আফসার ভুঁইয়াসহ ট্রাফিক পুলিশের বিষোদাগার করেন বলে জানায় পুলিশ।
অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করায় ফয়সল কাদিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’