মৌলভীবাজারের রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নিজগাঁও গ্রামে বুধবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত যুবকের নাম আব্দুল মালেক (২৮)। তিনি উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে তার ওপর হামলা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এই ঘটনা সম্পর্কে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।'

তিনি বলেন, আব্দুল মালেককে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক বলেন, নিহত মালেক আব্দুর রকিব নামের একজনের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। রকিবের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের কলা মিয়ার বিরোধ চলছিল।

তিনি বলেন, এ নিয়ে আমরা একাধিকবার সালিশ করেও বিষয়টি সমাধান করতে পারিনি। সন্দেহ করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।