ময়মনসিংহে র‌্যাব-জেএমবি জঙ্গি গোলাগুলি, আটক ৪

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে জেএমবি জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে গোলাগুলির ঘটনা ঘটে।

তবে এসময় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে র‍্যাব।

আজ দুপুরে র‌্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক অধিনায়ক খন্দকার আল মঈন সংবাদ সম্মলেনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এরপর ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের জুলহাস উদ্দিন ওরফে কাদেরী ওরফে মেহেদী (৩৪) ও মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম ওরফে ধ্রুব (৩৩) ও রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)।

তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক অধিনায়ক খন্দকার আল মঈন বলনে, 'আটককৃত চার জঙ্গি নৌকায় জামালপুরের মাদারগঞ্জ থেকে ময়মনসিংহে এসে একটি ব্যাংকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র এহসার সদস্য বলে স্বীকার করেছে।'