যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৩ কিশোর

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে তিন কিশোর পালিয়েছে। শনিবার রাতে কেন্দ্রের ভেতর বিক্ষোভ ভাংচুরের মধ্যে তারা পালিয়ে যায়।

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, বিভিন্ন দাবিতে শনিবার রাত ১২ টার দিকে কেন্দ্রের ভেতরে বিক্ষোভ ও ভাংচুর করে কিশোরেরা। জেলা প্রশাসক তমিজুল ইসলামের হস্তক্ষেপে রাত দেড় টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এর মধ্যেই তিন জন পালিয়ে যায়।

রোববার বিকেলে যশোর কোতোয়ালী থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পালিয়ে যাওয়া কিশোররা হচ্ছে, গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম হাতি গ্রামের মৃত আইউব আলীর ছেলে বাপ্পারাজ (১৫), বরগুনার আমতলীর উত্তর গদখালি গ্রামের মোস্তফা কাজীর ছেলে শাকিল (১২) ও নাটোরের কান্দিভিটা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সোহান (১৬)

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, করোনাকালে কেন্দ্রের কাউকে বাইরে বের হতে দেওয়া হয় না। খাবারের মান নিয়ে তাদের অভিযোগ আছে। শিশু উন্নয়ন কেন্দ্রে সুপেয় পানির সমস্যাও আছে। এসব অভিযোগে শনিবার রাতে কিশোররা বিক্ষোভ করে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে হত্যার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আহত হয়েছিল আরও ১৫ জন।