যশোরে তাঁতী লীগ নেতা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকন (৩০) নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত ১১টায় দিকে এ ঘটনা ঘটে।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাকনের নিহত হয়েছেন। কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে।'

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বারান্দী মোল্লাপাড়া এলাকার কবরস্থানের পাশে নারায়ণ ষোষের চা দোকানে আব্দুর রহমান কাকন বসেছিলেন। সেসময় ২/৩ যুবক দোকানের সামনে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে তিনি জানান।

আব্দুর রহমান কাকন যশোর জেলা তাঁতী লীগের সাবেক আহবায়ক ছিলেন। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে।

সংবাদ পেয়ে যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, কোতয়ালি মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম ও ডিবির ইনচার্জ রূপম কুমার সরকার হাসপাতালে এসে নিহতের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেন। দোষীদের গ্রেপ্তারের বিষয়ে তাদের আশ্বস্ত করেন।