যশোরে মাদকসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর শহরে দড়াটানা মমিননগর মার্কেটে একটি আবাসিক হোটেল থেকে মাদকসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 
আজ রোববার দুপুরে যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত মুজাহিদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের আজম মোল্যাকে আটক করা হয় বলে জানিয়েছেন যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আকিকুল ইসলাম।
আটক মুজাহিদ( ২৮) এর বাড়ি বাগেরহাটের জয়গাছি গ্রামে এবং আজম মোল্যার (৩২) বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামে।
পুলিশ পরিদর্শক আকিকুল ইসলাম জানান, শহরের মমিননগর মার্কেটের যশোর আবাসিক হোটেলে বসে দুজন পুলিশ সদস্য মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ১০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিলসহ তাদের দুজনকে আটক করে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান বলেন, মুজাহিদকে আগের থেকে সতর্ক করা হয়েছিল। 
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, মামলার তদন্ত দেয়া হয়েছে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকিকুল ইসলামকে।
যশোর ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল হোসেন জানান, মাদক সেবন অবস্থায় পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে যশোর কোতয়ালী থানায়।